প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩০ পিএম (ভিজিট : ৬৩)

পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রকৌশলী হাসান মাহমুদ। তিনি ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রকল্পটির পিডির দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখা থেকে এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপসচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত আদেশে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে এগিয়ে নিতে সরকারি আর্থিক ও পরিকল্পনা–সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫ অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকল্পের সার্বিক অগ্রগতি ও আর্থিক বরাদ্দের বিষয়ে নতুন প্রকল্প পরিচালককে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে। মন্ত্রণালয়ের লিখিত পূর্বানুমতি ছাড়া তাকে প্রকল্প পরিচালকের পদ থেকে অন্যত্র বদলি করা যাবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার প্রকল্প
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার উন্নয়নের লক্ষ্য নিয়ে পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প নেওয়া হয়েছে। ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। গত ১৩ মে ২০২৬ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের আওতায় পদ্মার মিষ্টি পানির প্রবাহ ধরে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার প্রভাব কমানো, শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সংরক্ষণ এবং অনাবাদী জমি চাষের আওতায় আনার লক্ষ্য রয়েছে।
পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, নদীভাঙন কমানো এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।