প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম (ভিজিট : ২২)

সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা তৎপরতা শুরু করেছেন। তাঁর দেশে ফেরার সম্ভাব্য পথ নির্ধারণে রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন দলটির চার শীর্ষ নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পরিদর্শনে যাওয়া চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা শুরু করেন তাঁরা। দুপুর ২টার দিকে দুটি গাড়িতে করে পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় পৌঁছান চার নেতা। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন তাঁরা। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।
বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল থেকে কলকাতার উদ্দেশে রওনা হন তাঁরা। সীমান্ত এলাকায় যাতায়াতের সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়ানোর চেষ্টা করেন আওয়ামী লীগের নেতারা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে শুধু একটি পথের ওপর নির্ভর না করে বিকল্প রুট নিয়েও পরিকল্পনা করছেন নেতারা। এ লক্ষ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের।
আগামী মঙ্গলবার নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সড়কপথ ও সীমান্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা।
এদিকে নিউজ ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে এ বিষয়ে ১০ দিন পার হলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিকল্প পথ খোলা রাখার পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তও বিবেচনায় রাখা হচ্ছে।
তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাঁর দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণও প্রকাশ করা হয়নি।