বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অপেক্ষায় ফ্যাসিবাদবিরোধী দলগুলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ১২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার তাগিদ অনুভব করছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকেই মূল উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট দলগুলোর নেতারা। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, শিগগিরই জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যের তাগিদ তৈরি হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত এড়াতে ডিসেম্বরজুড়ে রাজপথে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী পুরোনো রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এ পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে রাজনৈতিক সমন্বয়ের আলোচনা সামনে এসেছে। দলগুলো এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের অপেক্ষায় রয়েছে। তবে মাঠপর্যায়ে দলগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় জাতীয় ঐক্যের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের মতো বিষয়গুলো শর্ত হিসেবে সামনে এসেছে।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরের গুম, খুন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগকে দেশের মানুষ আর কখনো ফিরে আসতে দেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস, আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ও সন্ত্রাস মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। একই সঙ্গে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও জাতীয় ঐক্যের বিষয়টি আলোচনায় এসেছে। জোটের নেতাদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে যেভাবে সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসিয়ে ঐক্যের বার্তা দেওয়া হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রীকেও তেমন উদ্যোগ নিতে হবে। সরকারের পক্ষ থেকে সম্মানজনকভাবে ঐক্যের আহ্বান জানানো প্রয়োজন।

তবে জাতীয় ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপির অবস্থান শর্তসাপেক্ষ। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

অন্যদিকে এনসিপির অভিযোগ, সরকার শুরু থেকেই একলা চলার নীতি অনুসরণ করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে একতরফা সংশোধনের পথে হাঁটছে সরকার। পাশাপাশি বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন এবং বিরোধী দলের নেতাকর্মী ও জুলাইযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় দলটির মধ্যে অসন্তোষ রয়েছে। এনসিপি নেতাদের মতে, সরকার সংস্কার ও বিচারের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানালেই যৌথ কর্মসূচির বিষয়টি বিবেচনা করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপিকেই নিতে হবে। তবে এ উদ্যোগ কার্যকর করতে হলে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের পথ থেকে সরে আসতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে জামায়াত সব সময় মাঠে রয়েছে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরজুড়ে একক ও জোটের ব্যানারে পৃথক কর্মসূচি পালন করা হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও অরাজকতা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের অবস্থান রয়েছে। অরাজকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো পক্ষের ঐক্যের আহ্বানকে তারা ইতিবাচকভাবে দেখেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং মহড়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনা মোকাবিলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তবে মাঠপর্যায়ে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটছে। অন্যদিকে জামায়াত ও এনসিপিকে এখনো সরাসরি মাঠে সক্রিয় হতে দেখা যায়নি। তবে দল দুটির নীতিনির্ধারকেরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিংবা জননিরাপত্তার প্রশ্ন দেখা দিলে মাঠে নামার সাংগঠনিক প্রস্তুতি রয়েছে তাদের।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নেয় বিএনপি। সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও পেশাজীবী সংগঠনগুলো মাসব্যাপী পৃথক বিক্ষোভ, শোভাযাত্রা, জনসভা, পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচি কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় সতর্ক পাহারার অংশ নয়। বরং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এক বছর পূর্তি এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় রাখাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের ঐক্যের সামনে কোনো শক্তিই টিকে থাকতে পারে না।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান বলেন, আন্দোলন-সংগ্রামের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্যতা অনুযায়ী মূল্যায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে। যথাযথ মূল্যায়ন না হলেও আওয়ামী লীগের সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি যেকোনো উদ্যোগ নিলে অতীতের মতোই তারা পাশে থাকবেন।

এদিকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বর্তমান সংকট মোকাবিলায় বিএনপির উচিত সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সম্মিলিতভাবে কাজ করা। অতীতে রাজপথে একসঙ্গে আন্দোলন করেছেন উল্লেখ করে তিনি বলেন, সে অনুযায়ী দলগুলোর যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]