প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এরদোয়ান বলেন, তুরস্কের যতটুকু সক্ষমতা রয়েছে, তার সবটুকুই বাংলাদেশের জন্য কাজে লাগাতে প্রস্তুত তিনি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু প্রয়োজন অনুযায়ী আহ্বান জানানোর কথা বলেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের মানুষের নেতা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তাঁকে নিজের মূল্যবান ভাই আখ্যা দিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের প্রয়োজনে তুরস্কের সক্ষমতা অনুযায়ী সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। তবে এরদোয়ান অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক করেছেন, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। সম্মেলনের প্রথম দিনেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং তা কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য অর্থায়ন এবং ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।