
সংগৃহীত ছবি
আইপিএলের ২০২৭ আসরের আগে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। ২০২৩ আসরের আগে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর গত চার মৌসুম ধরে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করা মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হলেন পোলার্ড।
২০১০ সালের আইপিএল আসরের আগে মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন পোলার্ড। এরপর থেকে দলটি ও এর সহযোগী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে ওঠে তাঁর। মুম্বাইয়ের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে পাঁচটি আইপিএল শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। এ ছাড়া ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির (সিএলটি২০) দুটি শিরোপাও জিতেছেন এই অলরাউন্ডার।
আইপিএলে ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি ৬৯টি উইকেট নিয়েছেন পোলার্ড। ২০২২ সালে সর্বশেষ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। এরপর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে এবার প্রধান কোচের পদে উন্নীত হলেন।
প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। এক বিবৃতিতে তিনি বলেন, মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। দলটি তাঁর জীবন ও ক্যারিয়ারের বড় একটি অংশজুড়ে রয়েছে। এই দল, খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্কও বিশেষ তাৎপর্যপূর্ণ।
পোলার্ড আরও বলেন, খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে পথচলার অভিজ্ঞতা তাঁকে দলটির আদর্শ এবং নীল-সোনালি জার্সি পরার দায়িত্ব সম্পর্কে গভীর ধারণা দিয়েছে।
তিনি বলেন, খেলোয়াড় ও সহায়ক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, দলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা, প্রতিভাবান খেলোয়াড়দের গড়ে তোলা এবং সমর্থকদের আনন্দ উদ্যাপনের আরও উপলক্ষ এনে দিতে তিনি মুখিয়ে আছেন।
মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নীতা আম্বানিও পোলার্ডের নিয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ানস পরিবারে যোগ দিয়েছিলেন পোলার্ড। গত ১৬ বছরে তিনি এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। খেলোয়াড় হিসেবে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পাশাপাশি কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা, আবেগ ও ক্রিকেটীয় জ্ঞান দলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
নীতা আম্বানি আরও বলেন, মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি পরার অর্থ পোলার্ড ভালোভাবেই বোঝেন। নতুন দায়িত্বেও তাঁর নিষ্ঠা, বিশ্বাস ও দৃঢ়তা অটুট থাকবে বলে তিনি আশাবাদী। দলের নতুন অধ্যায়ে পোলার্ডের নেতৃত্বের সাফল্যও কামনা করেন তিনি।