প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল ৭টার দিকে উখিয়ার পাটোয়ারটেক এলাকায় ইনানী বিচের মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। সকাল ৭টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা রিসোর্টের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।