শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা দেখতে হাসপাতালে-শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন   কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬   মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা   ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’, সরকারের সমালোচনায় রুমিন ফারহানা   উড়ন্ত টেসলা রোডস্টার উন্মোচন করলেন ইলন মাস্ক, শূন্যে ভেসে দেখাল নানা কসরত   রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামি   যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭   
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৪০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে কিছু জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা। পরে ঘটনার বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট।

তবে ওই দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া এবং আইনি সহায়তা পাওয়ার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পায়নি বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

কনস্যুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। এরপর বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। দণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠানো হয়। পরে শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। এ বিধানে অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় বিচারক শাস্তি নির্ধারণ করতে পারেন। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করা এবং অপরাধের পরিস্থিতি বিবেচনায় এ দণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পবিত্র মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের ঘটনায় শরিয়াহ আইন প্রয়োগের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। পাশাপাশি পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির বিষয়ে সতর্ক করা হয়েছে।

সৌদি আরবের বেসরকারি সূত্রের দাবি, কয়েক মাস ধরে জেদ্দার একটি আদালতে মামলাটির বিচার চলেছে। বিচারপ্রক্রিয়ায় বাংলাদেশের দুজন বিশিষ্ট নাগরিক দোভাষী হিসেবে সহযোগিতা করেছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের পক্ষভুক্ত। সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেপ্তার হলে বন্দীর অনুরোধে আটককারী দেশকে তাঁর দেশের কনস্যুলেটকে অবহিত করতে হয় এবং কনস্যুলার সহায়তার সুযোগ দিতে হয়। তবে নজরুল ইসলাম ও সুইটি আখতার তাঁদের আটকের বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করার অনুরোধ করেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশিকে আটক করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করেছে—এমনটি হওয়ার কথা নয়। তাঁদের মতে, আটক হওয়ার পরও দুই বাংলাদেশির পক্ষে কেউ বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেননি কেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

নজরুল ইসলাম ও সুইটি আখতার সৌদি আরবে কী ধরনের অবস্থান করছিলেন এবং কত দিন ধরে সেখানে ছিলেন, বিচার চলাকালে তাঁরা আইনজীবীর সহায়তা পেয়েছিলেন কি না কিংবা আপিলের সুযোগ নিয়েছিলেন কি না—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পরই পুরো ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]