কক্সবাজারে ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৯ পর্যটকের মৃত্যু
পুড়ে ছাই টুপটুপ রিসোর্ট, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম (ভিজিট : ১১১)

কক্সবাজারের ইনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে নয়টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে রিসোর্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।