প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:২৫ এএম (ভিজিট : ৪২)

গাজীপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে কালিয়াকৈর, জয়দেবপুর সহ বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । এছাড়াও পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করাসহ স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বার সমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন-শারদীয় দুর্গাপূজা নিরাপদে, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, বিপিএম ও অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা ও জয়দেবপুর থানা গাজীপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।