প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি
নরসিংদীর সদর উপজেলায় আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পাওয়া একটি চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোবারক হোসেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। ৫০ বছর বয়সী এই ব্যবসায়ী বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে দ্রুত ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ রাত ১০টার দিকে বাড়ির ফটকের সামনে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে কাফনের সাদা কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট উদ্ধার করে।
ভুক্তভোগীর অভিযোগ, চিরকুটে তাঁকে গালাগাল করার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিরুদ্ধে প্রার্থী না হওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনা কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ দিয়েছেন মোবারক হোসেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’
ঘটনার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।
আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, চিরকুটের মাধ্যমে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।