প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ পিএম (ভিজিট : ১১৭)

সংগৃহীত ছবি
এক বছরে সাধারণত দুটি ঈদ ও একটি হজ হয়। তবে হিজরি চান্দ্র বর্ষ ও ইংরেজি সৌর বর্ষের হিসাবের পার্থক্যের কারণে অচিরেই এমন একটি বছর আসছে, যখন একই সৌর বছরে দুবার হজ এবং তিনটি ঈদ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ এ তথ্য জানিয়েছেন।
হিজরি বর্ষ চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় এতে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। অন্যদিকে, সৌরভিত্তিক ইংরেজি বছরে ৩৬৫ বা ৩৬৬ দিন। ফলে প্রতি বছর হিজরি তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।
এই হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই হবে প্রথম ঈদুল আজহা। ৬ জানুয়ারি হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ পালিত হবে ঈদুল আজহা। একই দিন হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার সমাপ্তি হবে।
এর প্রায় ১২ মাস পর আবার শুরু হবে আরেকটি হজ মৌসুম। ২০৩৯ সালের ২৬ ডিসেম্বর হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজে পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা। অর্থাৎ একই সৌর বছরে মক্কায় দুবার হজের সুযোগ তৈরি হবে।
দুই ঈদুল আজহার মাঝখানে ১৯ অক্টোবর হওয়ার কথা ঈদুল ফিতর। ফলে ২০৩৯ সালে মুসলিমরা দুটি ঈদুল আজহা ও একটি ঈদুল ফিতর—মোট তিনটি ঈদ পালন করবেন।
শুধু হজ ও ঈদ নয়, একই ধরনের ঘটনা ঘটবে রমজানেও। ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুবার রমজান শুরু হবে—একবার জানুয়ারিতে এবং আবার ডিসেম্বরে। প্রায় ৩৩ বছর পর এমন ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে ১৯৯৭ সালে একই সৌর বছরে দুবার রমজান এসেছিল।