প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:০৮ এএম (ভিজিট : ৬৪)

সংগৃহীত ছবি
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনে যাওয়ার পথে ছয় আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ হয়েছে। ম্যাসাচুসেটসের নানটাকেটের কাছে বিমানটির সন্ধানে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড।
শনিবার (৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইলে কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, এদিন ভোরে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের জানায়, গালফস্ট্রিম জেট মডেলের বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কোস্টগার্ড জানায়, মূল ভূখণ্ড ম্যাসাচুসেটসের দক্ষিণে অবস্থিত দ্বীপাঞ্চল নানটাকেটের কাছাকাছি এলাকায় বিমানটির সন্ধানে আকাশযান ও সমুদ্রপথে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, শনিবার সকালে তারা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। তবে এ মুহূর্তে শেয়ার করার মতো নতুন কোনো তথ্য তাদের কাছে নেই।
বারমুডার বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ ‘স্কাইপোর্ট’ এক বিবৃতিতে জানিয়েছে, কানাডায় নিবন্ধিত ওই এয়ার অ্যাম্বুলেন্স জেটটিতে চারজন ক্রু ও দুজন যাত্রী ছিলেন। বিমানটি রাতে বারমুডার এলএফ ওয়েড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ম্যাসাচুসেটসের উদ্দেশে ছেড়ে যায়।
কানাডার পরিবহণমন্ত্রী স্টিভেন ম্যাককিনন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, বিমানটির চার আরোহী কানাডীয় নাগরিক। তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে কানাডা।