প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম (ভিজিট : ২২৭)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ জানান দিতে আব্দুল কাদের খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বল্লা কাঁচাবাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি সিঙ্গাইর, কাগুজীপাড়া, কামান্না, কাজীবাড়ি, রামপুর ও মমিননগরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বল্লা কাঁচাবাজারে এসে শেষ হয়।
পরে বল্লা কাঁচাবাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আব্দুল কাদের খান। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরা অংশ নেন।