প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ পিএম (ভিজিট : ৩৬)

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন।
এর ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোঃ জহিরুল হকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার করা হয়।
আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। জনসচেতনতার অভাবেই এর প্রভাব বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।