প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বরং ব্যাপক বিনিয়োগ চায়।
বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো জিগফ্রিড রেঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সুইজারল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিনিয়োগ বাড়লে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
এ সময় সুইজারল্যান্ডের স্থানীয় সরকার ব্যবস্থার প্রশংসা করে রাষ্ট্রপতি বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে দেশটির অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে সুইজারল্যান্ডের সহযোগিতাও কামনা করেন তিনি। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে তাঁর দেশের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রপতি। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, কারিগরি শিক্ষা এবং শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সুইজারল্যান্ড দূতাবাসের উপমিশন প্রধান দিপাক এলমার উপস্থিত ছিলেন।