প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৫২ এএম (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি
জাপান সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক ও মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর আবাসস্থলে দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় টোকিওর আরিয়াকে এলাকায় ইউনিক্লো কোম্পানি লিমিটেডের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় সেখান থেকে তার আবাসস্থলে ফেরার কথা রয়েছে।
সকাল সাড়ে ১১টায় জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জেট্রোর প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।
দুপুর ১টায় জাপানের তিনটি বড় কোম্পানি—মিৎসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা (জেইআরএ)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি বৈঠকের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জাপানের ১৪টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দুটি গ্রুপ বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। প্রতিটি গ্রুপে সাতটি করে কোম্পানির প্রতিনিধি থাকবেন।
সফরসূচি অনুযায়ী, এসব বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর আবাসস্থল থেকে জেট্রো ভবনের উদ্দেশে রওনা দেওয়ার কর্মসূচি রয়েছে তার।
জাপানের বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।