| শিরোনাম: |
সংগৃহীত ছবি
চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন জাপানের প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্টে সানায়ে তাকাইচি লেখেন, জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠক করতে পেরে তিনি আনন্দিত। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য সরাসরি অভিনন্দন জানাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত তারেক রহমানের সরকার এবং বাংলাদেশের জাতি গঠনের প্রচেষ্টাকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।
জাপানের প্রধানমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) বাস্তবায়নে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
এ ছাড়া ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামে নতুন একটি কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন সানায়ে তাকাইচি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে জাপানের অগ্রযাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতার পর দেশটিকে জাপানের প্রাথমিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে জাপানের বিশেষ গুরুত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকার ও জনগণের দেওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় ১৭ কোটি মানুষের দেশটির তরুণ জনগোষ্ঠী ও বিশাল বাজার জাপানের অর্থনীতির জন্যও উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করেছে।
তিনি জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের আওতায় প্রকাশিত নেতৃবৃন্দের যৌথ বিবৃতি সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে শক্তি ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।