প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিট : ৩৪)

সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখে পড়তে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পূর্ণ ন্যায়বিচারের মুখোমুখি হবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “উনি এলে আমরা খুশি, তাহলে আর বেঁধে আনতে হলো না।”
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করে তথ্য উপদেষ্টা বলেন, এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন।
শেখ হাসিনা অতীতে অন্যদের প্রতি সুবিচার করেননি বলে মন্তব্য করে ডা. জাহেদ উর রহমান আশ্বস্ত করেন, বর্তমান সরকার তাঁর ক্ষেত্রে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করবে।