প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম (ভিজিট : ১৫০)

সংগৃহীত ছবি
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে অসতর্কতাবশত দেওয়া মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এমন মন্তব্য করা ঠিক হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। তবে এটি ঠিক হয়নি, এমন কথা বলা তাঁর উচিত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার ক্রসফায়ার চায় না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সহ্য করবে না।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। এখন পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।
ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।