প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম (ভিজিট : ৫৩)

দিনাজপুরের ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর এম.এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার আনসারীর বিরুদ্ধে অবৈধভাবে বিল উত্তোলন চেষ্টার অভিযোগ উঠেছে।
তথ্য নিয়ে যারা গেছে,অত্র প্রতিষ্ঠানে প্রস্তাবিত কমিটির সভাপতি মিজানুর রহমানের স্বাক্ষরে ৪ লক্ষ ২৭ হাজার ৫০ টাকার একটি বিল উত্তোলনের জন্য ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক সেটিকে গ্রহণ করেননি।
এই ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে মাদ্রাসা সুপার আব্দুস সাত্তার আনসারীর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রস্তাবিত কমিটির সভাপতি মিজানুর রহমানের স্বাক্ষরে আমি বিলটি উত্তোলনের চেষ্টা করেছি।কিন্তু উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষর না করায় বিলটি উত্তোলন করতে ব্যর্থ হই।
বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হয় প্রস্তাবিত কমিটির সভাপতি মিজানুর রহমানের সাথে।তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির এ্যাডহক কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম বলেন, এভাবে বিল উত্তোলন অবৈধ যা মোটেও ঠিক হয়নি।
মুঠোফোনে নবগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, এভাবে বিল উত্তোলনের কোন সুযোগ নেই।কমিটি অনুমোদন না হওয়া পর্যন্ত সেই কমিটির কারো স্বাক্ষর দিয়ে বিল উত্তোলন করা যায় না। এটি সম্পূর্ণভাবে অবৈধ।
একই বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এভাবে বিল উত্তোলনের কোন সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ ও নিয়ম বহির্ভূত কাজ। এই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।