প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : ১২৫)

ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। চলতি বছর সেপ্টেম্বরে এ সিরিজ হওয়ার কথা থাকলেও এটি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) সিরিজটি নিয়ে দেশটির সরকারের ‘গ্রীণ সিগন্যালের’ অপেক্ষা করছিল। তবে, এবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’
ভারত ও বাংলাদেশের মধ্যকার এ সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। তবে ঐ সময়ের বিভিন্ন ইস্যুর কারণে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে আনা হয়।
চলতি বছর জানুয়ারিতে এ সিরিজ নিয়ে সূচিও ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ।