মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন!   
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম   (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রও জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজন শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অনুপ্রাণিত করে। এ সময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করেন এবং তাদের অবদানের কথা তুলে ধরে বলেন, কর্ম ও অবদানের মধ্য দিয়ে তারা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

গৌতম বুদ্ধের জীবন ও দর্শন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি মানুষকে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলার পরামর্শ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে নৈরাজ্য সৃষ্টি করছে এবং বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের মানুষ অতীতেও এ ধরনের অপচেষ্টা প্রতিহত করেছে। সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তাদের সবসময় রয়েছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক সহায়তা, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধান দেশের নাগরিকদের যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি নাগরিক। নাগরিকদের অধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এ ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে হবে। আমরা সবাই এ দেশের মাটির সন্তান। দেশ, জনগণ ও মাতৃভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে।

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এর মাধ্যমে তিনি দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেন। সেই দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।

অনুষ্ঠানের আগে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া তিনি স্মারকগ্রন্থ উদ্বোধন করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]