প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম (ভিজিট : ১২৫)

সংগৃহীত ছবি
দেশে-বিদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের মোট ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সচিব জানান, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট ও ৩০০ মিলিয়ন ডলার পাচার, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত নানা অনিয়ম ও দুর্নীতির তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে বলে জানায় দুদক।
সংস্থাটি আরও জানায়, এসব দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের পক্ষে অকাট্য প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে দুদক সচিব বলেন, ‘সংখ্যার ভিত্তিতে নয়, বরং তথ্য-প্রমাণের মাধ্যমে আদালতে শেখ পরিবারের দুর্নীতির বিচার নিশ্চিত করতে চায় দুদক।’