বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
ঋণের সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করতে চায় সরকার: ড. তিতুমীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঋণের পরিমাণ কমানো বা বাড়ানোর চেয়ে কীভাবে আরও কার্যকরভাবে ঋণ নেওয়া এবং তা বিনিয়োগ করা যায়, সে বিষয়েই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নেব, তা নিয়ে বিতর্ক করছি না। বরং কীভাবে আরও ভালোভাবে ঋণ নেওয়া যায়, আরও ভালোভাবে বিনিয়োগ করা যায় এবং জনগণের কাছে জবাবদিহির জায়গা থেকে প্রতিটি একক সরকারি সম্পদের সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের কাছে বৈধতা ও জনসমর্থনের প্রতি শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঋণকে উন্নয়নের লক্ষ্য নয়, বরং উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ঋণের অর্থ এমন খাতে বিনিয়োগ করতে হবে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদের বিকাশে ভূমিকা রাখবে। ঋণের বিপরীতে অর্জিত অর্থনৈতিক ও সামাজিক সুফল ভবিষ্যৎ প্রজন্মের ওপর বর্তানো দায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ড. তিতুমীর বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে দেশকে অতিরিক্ত ৪২০ কোটি মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। এই বাড়তি ব্যয় বাংলাদেশের জন্য কাম্য ছিল না, আবার তা এড়ানোরও সুযোগ ছিল না।

তিনি বলেন, এসব অর্থনৈতিক চাপের কারণে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিলেন, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে তাঁদের অনেকে আবার দারিদ্র্যের মুখে পড়েছেন। এগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং বাস্তব মানুষের জীবনের সংকট।

অর্থ উপদেষ্টা বলেন, এসব তথ্য কাউকে দায়ী করার জন্য তুলে ধরা হচ্ছে না। বরং বর্তমান সরকার যে পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে, সেটি বোঝানোই এর উদ্দেশ্য। শুরুর পরিস্থিতি জানা থাকলে অর্জিত অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব।

দেশের ঋণ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ১৮ দশমিক ৯ ট্রিলিয়ন টাকার বেশি, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের বেশি। প্রতি বছর শুধু সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে এক ট্রিলিয়ন টাকার বেশি। এ ছাড়া অতীতে বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা নেওয়া হয়েছিল। এসব দায় ও ঝুঁকি বিবেচনায় রেখেই ঋণ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করতে হবে।

আগে নেওয়া বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় আগামী বছরগুলোতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে বলে জানান ড. তিতুমীর। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মূলধন ও সুদ বাবদ ৪৪৯ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক এ পরিশোধের পরিমাণ বেড়ে ৭৬০ কোটি ডলারে দাঁড়াতে পারে। তাই নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার, মেয়াদ, পরিশোধের সময়সূচি, মুদ্রার ধরন এবং বিনিময় হারের ঝুঁকি বিবেচনা করা প্রয়োজন।

ঋণ ব্যবস্থাপনার দুটি প্রধান ভিত্তি হিসেবে জাতীয় মালিকানা ও বিশ্বাসযোগ্যতার কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তাঁর মতে, দেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঋণ গ্রহণ করতে হবে। পাশাপাশি ঋণের তথ্য, ব্যয় ও ঝুঁকি সম্পর্কে স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

রাজস্ব আয় বাড়ানোকে টেকসই ঋণ ব্যবস্থাপনার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত তুলনামূলকভাবে কম। আগামী পাঁচ বছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় দুই শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ড. তিতুমীর বলেন, বর্তমান সরকার বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নেওয়া বন্ধ করেছে। এতে মুদ্রা সরবরাহের ওপর চাপ কমেছে এবং প্রায় ১০ শতাংশ থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশের কাছাকাছি এসেছে। দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশীয় পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সরকারি ঋণের ক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক উৎস, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং সহজ শর্তের ও বাজারভিত্তিক ঋণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), ব্লেন্ডেড ফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টির মতো বিকল্প অর্থায়ন পদ্ধতি কাজে লাগানো প্রয়োজন।

সার্বভৌম সুকুকসহ নতুন আর্থিক উপকরণ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় মুদ্রায় ইস্যু করা সরকারি সিকিউরিটিজ জেপি মরগ্যানের জিবিআই-ইএম এজ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে। এটি দেশের স্থানীয় মুদ্রার বন্ডবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘমেয়াদি অর্থায়নে দেশীয় বন্ডবাজারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেও দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে।

ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ড. তিতুমীর বলেন, এ জন্য পৃথক ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠন, পাবলিক ডেট আইন প্রণয়ন এবং ঋণের তথ্য ও ঝুঁকি বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। নিয়মিত ঋণসংক্রান্ত তথ্য প্রকাশ, মধ্যমেয়াদি ঋণ কৌশল, বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং রাষ্ট্রীয় গ্যারান্টির দায় সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে আর্থিক ঝুঁকি আগেই চিহ্নিত করা সম্ভব হবে।

বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের কৌশল হিসেবে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ এই তিনটি ধাপের কথা তুলে ধরেন তিনি। অর্থনীতির পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর আকাঙ্ক্ষা তুলে ধরে উৎপাদন, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা ও কর্মসংস্থানকে অর্থনৈতিক রূপান্তরের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ঋণ ব্যবস্থাপনার সাফল্য শুধু কত টাকা ঋণ নেওয়া বা পরিশোধ করা হয়েছে, তা দিয়ে নির্ধারণ করা যায় না। ঋণের অর্থ ব্যবহার করে অর্থনীতি ও মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থনৈতিক ও সামাজিক সুফল তৈরি হয়েছে, সেটিই হবে সাফল্যের প্রকৃত মাপকাঠি।

উল্লেখ্য, ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে সার্বভৌম ঋণের টেকসই ব্যবস্থাপনা, ঋণের ব্যয় ও ঝুঁকি, আন্তর্জাতিক বন্ডবাজার, আইএমএফের ঋণ স্থায়িত্ব মূল্যায়ন কাঠামো, দেশীয় বন্ডবাজারের বিকাশ এবং বিকল্প অর্থায়নের উৎস নিয়ে আলোচনা হয়।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে আয়োজিত সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা ছিলেন। এ ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]