বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
সাড়ে ১৮ লাখ কোটি টাকার ঋণের ৩২ শতাংশই খেলাপি : সংসদে অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৮৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি। টাকার অঙ্কে এর পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা।

সোমবার জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা। সে সময় বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ ছিল খেলাপি। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫ লাখ ২ হাজার ৮৪৮ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছয় গুণেরও বেশি হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকায়। ওই বছর খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছায়। এ সময় খেলাপি ঋণের হার দাঁড়ায় ১৭ দশমিক ৮৩ শতাংশে। পরের বছর ২০২৫ সালে তা আরও বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৫২ হাজার ৩২৩ কোটি ৫ লাখ টাকা।

**পাচার করা অর্থ ফেরাতে ১১টি অগ্রাধিকার মামলা**

এদিকে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি জানান, বিগত সরকারের আমলে দেশ থেকে অবৈধভাবে পাচার করা রাষ্ট্রীয় সম্পদ ও অর্থ উদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এ টাস্কফোর্সে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিনিধিরা রয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, পাচার করা অর্থ উদ্ধারের লক্ষ্যে ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকের নেতৃত্বে ১১টি যৌথ দল গঠন করা হয়েছে।

অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার, নাবিল গ্রুপ, এইচবিএম ইকবাল এবং সামিট গ্রুপ।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলে সংসদে দেওয়া জবাবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি আরও জানান, বিদেশে পাচার করা অর্থ উদ্ধারের লক্ষ্যে গত আগস্ট পর্যন্ত ১৪২টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং ছয়টি মামলায় আদালত রায় দিয়েছেন।

এসব মামলার আওতায় আদালতের আদেশে দেশে ও বিদেশে মোট ৭৬ হাজার ৯৮৩ কোটি ৯৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]