প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ১০০)

সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। তবে পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে কয়েক ঘণ্টা এই বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ কয়েক ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপর বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
তারা জানান, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, রূপপুরের বিদ্যুৎ যুক্ত করার জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। এ কার্যক্রম পর্যবেক্ষণে পিডিবির একজন প্রতিনিধিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
এদিকে, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।