
পিরোজপুরের নাজিরপুরে দোলা কাউন্টারে প্রতি টিকিটে কমিশন দাবিকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। পরে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের হস্তক্ষেপে দুপুরের পর কাউন্টারটি পুনরায় চালু করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নাজিরপুর দোলা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকির হোসেন খান নাজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি আগেই বহিষ্কৃত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
কাউন্টার ম্যানেজারের অভিযোগ, শনিবার সকালে কাউন্টার খুলতে গেলে জাকির হোসেন খান তাঁকে কমিশন ছাড়া কাউন্টার পরিচালনা করা যাবে না বলে জানান। বিষয়টি তিনি পরিবহনের মালিকপক্ষকে জানালে,মালিকপক্ষ কমিশন দিতে রাজি না হওয়ায় কাউন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়। পরে জেলা বিএনপির আহ্বায়কের সহযোগিতায় দুপুরের পর কাউন্টারটি আবার চালু করা হয়।
অভিযোগের বিষয়ে জাকির হোসেন খান বলেন, ‘দোলা পরিবহনের শুরু থেকেই আমি তাদের সঙ্গে আছি। আওয়ামী লীগের আমলে এই পরিবহনের জন্য আমি মামলা-হামলার শিকার হয়েছি। আমি কোনো কমিশন চাইনি। বলেছি, আপনারা চাকরি করেন, আমাদেরও তো ছেলেপেলে আছে। আমি চাই, আমাদের এলাকার লোকজন এখানে কাজ করুক। ২০০১ সাল থেকে দোলা পরিবহনের সঙ্গে আছি, তাহলে আমি কি কিছু পাওয়ার যোগ্য নই?’
দোলা পরিবহনের মালিক মো. নাদিমুজ্জামান রিপন বলেন, ‘জাকির খান এর আগেও আমার কাছে নাজিরপুর কাউন্টারটি কমিশনভিত্তিক পরিচালনার আবদার করেছিলেন। কিন্তু আমরা কোনো কাউন্টার কমিশনভিত্তিক পরিচালনা করি না। আজ সকালে জাকির আমাকে ফোন করে বলেন, তাঁকে কমিশন না দিলে কাউন্টার চলবে না। কাউন্টার চালাতে হলে তাঁদের কমিশন দিতে হবে। পরে আমি কাউন্টার বন্ধ রাখতে বলি।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করি। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে তাঁর নির্দেশে কাউন্টারটি পুনরায় খোলা হয়।’
জাকির খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে নাদিমুজ্জামান রিপন বলেন, জেলা বিএনপির আহ্বায়ক বিষয়টির দায়িত্ব নেওয়ায় আপাতত তিনি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘দোলা পরিবহনের একজন মালিক আমাকে ফোন করেছিলেন। বিষয়টি জানার পর আমি কাউন্টারটি খুলে দেওয়ার জন্য কথা বলেছি। কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় দল নেবে না। যতটুকু শুনেছি, জাকির একসময় তাদের (দোলা পরিবহন) সঙ্গে চাকরি করতেন। সেই সূত্রে তিনি তাদের কাছে চাকরির আবদার করেছেন। তবে আমি বিস্তারিত জেনে বিষয়টির সুষ্ঠু সমাধান করে দেব।’
জাকির খান দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগেই বহিষ্কৃত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি এখন আমাদের দলের কেউ নন। দলের পরিচয় ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে তার কোনো ছাড় নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা বিএনপি সব সময় কঠোর। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই।’