
অনুমোদনহীন থ্রি-হুইলার নসিমন করিমন ইজিবাইকের দাপটে যশোর-বেনাপোল মহাসড়কে যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। অনিয়ন্ত্রিত ভ্যান-রিক্সা নিরাপত্তা ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। যা জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মহাসড়ক নিরাপত্তায় ঠুঁটো জগন্নাথের ভূমিকা পালন করছে নাভারন হাইওয়ে পুলিশ! এমন হরহামেশা অভিযোগ পাওয়া যাচ্ছে।
খবরে প্রকাশ, বর্ষা মৌসুম বিদায়ের পর থেকে গ্রামীণ কাঁচাপাকা সড়কে পণ্য ও গণপরিবহন থ্রি হুইলার,ইজিবাইক,নসিমন,করিমন,ভ্যান-রিক্সা শহরমুখী হচ্ছে। এসব অনুমোদনহীন গণপরিবহন ও পণ্যবাহী যানগুলো ফিডাররোড হয়ে মহাসড়কে উঠছে। ফলে, প্রতিনিয়ত যশোর-বেনাপোল মহাসড়কে অনাকাঙ্ক্ষিত-অপ্রত্যাশিত চাপ বাড়ছে। ফলশ্রুতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা।
অভিযোগ রয়েছে, মহাসড়কে চাপ সৃষ্টিতে ঝুঁকি তৈরি করছে ইটভাটার ইট-মাটি,বালুবাহী ট্রাক, ট্রলি ও মৎস্য পরিবহনে পিকআপ,বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে।
যশোর-বেনাপোল মহাসড়ক সংযোগ 'ফিডার রোড' রয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য ঝিকরগাছা সদর উপজেলার 'চৌগাছা-ত্রিমোহিনী সড়ক,থানার মোড় ছুটিপুর সড়ক, ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়ক,গদখালী-শিওরদা সড়ক,বেনেয়ালি-শিমুলিয়া মিশন সড়ক,ছুটিপুর-কায়েমকোলা যশোর ভায়া ঝিকরগাছা সড়ক,নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরি-শ্রীরামকাটি সড়ক,নাভারন কলাগাছি কুন্দিপুর সড়ক,নাভারন পুরাতন বাজার-উলাসী যদুনাথপুর সড়ক ইত্যাদি।
শার্শা উপজেলা অংশে নতুন বাজার কলেজ রোড,হাসপাতাল মোড় বুরুজ বাগান সড়ক,নাভারন নিজামপুর সড়ক,শার্শা বাজার-চৌগাছা উপজেলা সড়ক,আমড়া খালি-শিকড়ী বটতলা ভায়া বারোপোতা সড়ক ও বেনাপোল-পুটখালী সড়ক বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ফিডার সড়কের সাথে যশোর-বেনাপোল মহাসড়ক সরাসরি সংযুক্ত।
বলাবাহুল্য রাজধানী ঢাকা সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২টি রুটের যাত্রী ও পণ্য পরিবহনে যশোর-বেনাপোল মহাসড়কের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ততম এই মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ভূমিকাও অধিক গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। অথচ মহাসড়ক নিরাপত্তায় নিয়োজিত হাইওয়ে পুলিশের কার্যকর ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ।