
সংগৃহীত ছবি
খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, হামলা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যৌথ বাহিনীর অভিযান জোরদারের পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট, টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি খুলনার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি স্থাপন, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ২০০ আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন।
নগরী, বিভিন্ন উপজেলা এবং অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান ও নজরদারি কার্যক্রম শুরু হয়।
কেএমপি ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ দিনে খুলনায় নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি নগরীতে এবং চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। এ ছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে ফার্মেসি ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ও খুলনার সাধারণ ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও কেএমপি কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। তবে নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা স্মারকলিপি জমা দেওয়ার ছবি প্রকাশ করেননি। একই কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নামও গোপন রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর সাতরাস্তার মোড়ে বিএমএ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মীসহ স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ বলেন, খুলনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে। চাঁদা দাবির কারণে অন্তত ১১ জন চিকিৎসক খুলনায় আসতে পারছেন না। তাঁদের কেউ দেশের বাইরে, আবার কেউ বিদেশে অবস্থান করছেন। সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে আপস করে অর্থ দিলেও প্রশাসনকে কিছু জানাচ্ছেন না।
তিনি আরও বলেন, সাত দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং পরিস্থিতির উন্নতি না হলে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রূপসা ট্রাফিক মোড়, শান্তিধামসহ বিভিন্ন ওষুধের দোকান ও বিপণিবিতান এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও নিরাপত্তাহীনতার অভিযোগ পাওয়া গেলে সেখানে পুলিশ টহল দিচ্ছে। এ ছাড়া নগরীতে প্রবেশের পথ এবং শহর থেকে বিভিন্ন উপজেলায় যাতায়াতের সংযোগ সড়কগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
কেএমপির উপপুলিশ কমিশনার রেজাউর রহমান জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশপথে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।