বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, সমর্থন জানালেন বিরোধীদলীয় নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই চেতনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য-বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যের আহ্বানের প্রতি সমর্থন জানান বিরোধীদলীয় নেতা। তাঁর বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও ধন্যবাদ জানান।

সংসদে দুই নেতার বক্তব্যে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিরোধের বিষয়টি গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন পক্ষ যেসব সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তা সবাইকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। কখনো ধর্মের নামে, কখনো হরতাল কিংবা অন্য কোনো পরিচয়ে এসব কর্মসূচি সামনে আনা হচ্ছে। এসবের উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও তা বজায় রাখা জরুরি। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমি আশা করব, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’

জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানালেন শফিকুর রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে নিজের বক্তব্য শুরু করতে চান। জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ’২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবো। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্য দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনা ধরে রেখেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে আবারও ফ্যাসিবাদী শাসনের দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া উচিত হবে না। অতীতে জনগণ যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে প্রশ্রয় দিয়েছে কিংবা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা সংসদীয় আলোচনার মধ্য দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পাশাপাশি বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’

তিনি বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিতর্ক থাকতে পারে। তবে দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল অবস্থান প্রয়োজন। জনগণ যেন অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর তাঁকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তাঁর অবস্থান গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, সমালোচনা এবং মতপার্থক্য থাকবে। গণতান্ত্রিক সংসদে বিতর্ক একটি স্বাভাবিক বিষয়। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ রাখতে হবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালনা করতে হবে।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি আবারও জাতীয় ঐক্য বজায় রাখা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]