প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ৪৪)

সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে ডিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সময়ে ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও সেখানে নিয়ে যায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সমকালকে জানান, ডিবিসি কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহানসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
রাত সাড়ে ১২টার দিকে ডিবিপ্রধান জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও জানান, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা নেই। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।