
সংগৃহীত ছবি
মিসরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান তালাত মুস্তাফা গ্রুপ (টিএমজি) দেশটির চারটি বৃহৎ মেগা প্রকল্পে প্রায় ২০ হাজার ২৩০ কোটি মার্কিন ডলার বা ১১ লাখ কোটি মিসরীয় পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিসরের নতুন প্রশাসনিক রাজধানীতে আয়োজিত ‘ইজিপ্ট ফোরাম ২০২৬’-এর দ্বিতীয় দিনে দেশটির সরকারের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে টিএমজির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিশাম তালাত মুস্তাফা জানান, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি কর রাজস্ব হিসেবে মিসর সরকারের কোষাগারে জমা পড়বে প্রায় ২ লাখ ৪০ হাজার কোটি মিসরীয় পাউন্ড।
চুক্তি অনুসারে, পূর্ব কায়রো, আলেকজান্দ্রিয়া, আবু কির এবং ভূমধ্যসাগরীয় উত্তর উপকূলীয় এলাকায় ৩ কোটি ৭০ লাখ বর্গমিটারের বেশি জমিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের আওতায় আধুনিক আবাসন, ভারী শিল্প, মুক্ত বাণিজ্য অঞ্চল, লজিস্টিকস হাব, বাণিজ্যিক ভবন ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে।
চারটি প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবু কির বন্দরের পাশে। প্রায় ১ কোটি বর্গমিটার এলাকাজুড়ে এ প্রকল্পে ৫ লাখ কোটি মিসরীয় পাউন্ড বিনিয়োগ করা হবে। এখান থেকে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি পাউন্ড রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বন্দরকেন্দ্রিক এসব অবকাঠামো মিসরের অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়িত হবে পূর্ব কায়রোয়, সুয়েজ সড়ক ও টিএমজির বিদ্যমান আবাসন প্রকল্প ‘মদিনাতি’র মধ্যবর্তী এলাকায়। প্রায় ৫০ লাখ বর্গমিটার জমিতে গড়ে ওঠা এ প্রকল্পে ৩ লাখ ২০ হাজার কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এখান থেকে কর রাজস্ব হিসেবে ৭০ হাজার কোটি পাউন্ডের বেশি আয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অন্যদিকে, আলেকজান্দ্রিয়ায় ১ কোটি ১৩ লাখ বর্গমিটার এলাকাজুড়ে একটি সমন্বিত নগরকেন্দ্র গড়ে তোলা হবে। এ প্রকল্পে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭০ হাজার কোটি মিসরীয় পাউন্ড। এখান থেকে প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি পাউন্ড কর রাজস্ব পাওয়ার আশা করছে সরকার।
চতুর্থ প্রকল্পটি গড়ে উঠবে ভূমধ্যসাগরের উত্তর উপকূলের ১৪৭ থেকে ১৫১ কিলোমিটার এলাকায়। প্রায় ১ কোটি ৪ লাখ বর্গমিটার জমিতে পর্যটন ও আবাসনকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করা হবে ৯৭ হাজার কোটি পাউন্ড। এ প্রকল্প থেকে সরকার প্রায় ২১ হাজার ৫০০ কোটি পাউন্ড কর রাজস্ব পাবে বলে আশা করা হচ্ছে। টিএমজির ২০২৪ সালে শুরু হওয়া জনপ্রিয় ‘সাউথ মেড’ প্রকল্পের আদলে এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে কায়রোর উপকণ্ঠে ১৬৫টি টাওয়ার নির্মাণের লক্ষ্যে ‘দ্য স্পাইন’ নামে আরেকটি প্রকল্পের ঘোষণা দিয়েছিল টিএমজি।
তবে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ঘোষিত চারটি মেগা প্রকল্পের নির্মাণকাজ কবে শুরু হবে, বিনিয়োগের অর্থ কীভাবে জোগাড় করা হবে এবং সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্বের কাঠামো কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।