প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম (ভিজিট : ১৪২)

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন ও শক্তিশালী সমরাস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুপক্ষের জন্য নতুন অস্ত্র নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইরান। অস্ত্রটিকে ‘সকল বোমার বাবা’ (ফাদার অব অল বম্বস) নামে অভিহিত করা হয়েছে।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোয়াবি ইরানের সংবাদমাধ্যম ইয়ং জার্নালিস্টস ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন অস্ত্র তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অস্ত্রটির ধরন, ধ্বংসক্ষমতা, কার্যকারিতা কিংবা এটি জনসমক্ষে উন্মোচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে জিবিইউ-৪৩/বি (GBU-43/B) বা ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ব্যবহারের প্রস্তুতি নিয়ে খবর প্রকাশের পরপরই তেহরানের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। প্রায় ৯ দশমিক ৮ টন ওজনের মার্কিন এই বোমাটি বিশ্বের অন্যতম শক্তিশালী প্রচলিত বোমা হিসেবে পরিচিত। অতীতে আফগানিস্তানে আইএসের ব্যবহৃত সুড়ঙ্গ ও গোপন স্থাপনা ধ্বংস করতে এটি ব্যবহার করা হয়েছিল।
এদিকে, হোসেইন মোয়াবি দাবি করেছেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের পাল্লা, ধ্বংসক্ষমতা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। তবে এ দাবি প্রণালীটি খোলা রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
নতুন অস্ত্র উন্মোচনের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে অস্ত্রটির প্রকৃত সক্ষমতা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।