প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম (ভিজিট : ১০৭)

সংগৃহীত ছবি
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে উঠে আসে অসহায় এক গর্ভবতী নারীর দুর্দশার চিত্র। তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। অভাব ও ঋণের চাপে অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার কথা ভাবছিলেন তিনি। সংবাদটি নজরে আসার পর পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবেদনটি প্রকাশের দিনই পরিবারটির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা পাওয়ার পর দ্রুত আঁখি ও তাঁর পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়।
এ সময় জানা যায়, আঁখির স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার ব্যয় এবং সংসার চালাতে গিয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে। সেই ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই আঁখি গর্ভের সন্তান বিক্রির মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন।
পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়।
সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি আঁখির সন্তান প্রসবের যাবতীয় ব্যয় বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।