প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি
ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কিংবা মানুষকে ধর্মীয় পরিচয়ে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের সব সময় ভোটব্যাংক হিসেবে বিবেচনা করতেন, গতবার তাঁদের সেই ধারণা ভেঙে দিয়েছেন জনগণ। সনাতন ধর্মাবলম্বীরা আস্থা প্রকাশ করেছেন, আর সেই আস্থার মর্যাদা রেখেছেন তাঁরা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আস্থা ও বিশ্বাসের প্রতীক।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সমঝোতা করে কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে তাঁরা বিশ্বাস করেন না। তিনি জানান, তাঁরা সব সময় জেএম সেন হলে এসেছেন। তবে অতীতে এখানে এসে কেউ কেউ সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছিলেন যে, প্রতিবেশী একটি দেশের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই দেশের সমর্থনেই তাঁরা ক্ষমতায় থাকবেন। কিন্তু এ ধরনের রাজনীতিতে তাঁরা বিশ্বাসী নন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ও মুক্তিযোদ্ধারাও ধর্মীয় সম্প্রীতিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।
তিনি আরও বলেন, তাঁরা সচেতনভাবেই ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটি ব্যবহার এড়িয়ে চলেন। কারণ, আইনগতভাবে দেশে কোনো সম্প্রদায়কে আলাদা পরিচয়ে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাঁরা সামনে আনতে চান না।