প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম (ভিজিট : ২০২)

সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জেএমসেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সফরে দলীয় কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটের দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে নগরের রহমতগঞ্জ এলাকার জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে রাজশাহীতে গিয়ে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি শেষে তিনি চট্টগ্রামে পৌঁছান।