প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম (ভিজিট : ৯২)

সংগৃহীত ছবি
শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত শরৎ উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ১৯৯১ সালে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের সূচনা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সংস্কারের ঘাটতির কারণে একপর্যায়ে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল।
ডেপুটি স্পিকার বলেন, কেবল সরকারের রাজনৈতিক পরিবর্তন হলেই দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত হবে না। রাষ্ট্রকে সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে হলে আমলাতন্ত্রসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কার্যকর সংস্কার প্রয়োজন। একই সঙ্গে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে প্রতিটি প্রতিষ্ঠানে পেশাদারত্ব নিশ্চিত করতে হবে।
সরকারের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি ছায়া মন্ত্রিসভা গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্রের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।