প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। সোমবার (১২ অক্টোবর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে।
এ ছাড়া আলজেরিয়ায় পরিবেশবান্ধব ও পচনশীল পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে উৎসাহ দেন প্রতিমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রেও দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতির পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।