বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু   দুই বছরেই এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, বদল আসছে শীর্ষ পদে   ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, বললেন ‘শেইম’   যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই   নিউইয়র্কে হেনস্তার পর কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী   'ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন জঙ্গী সংগঠনের পরিকল্পনা, তদন্তে গোয়েন্দারা   জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল   
তিন মাসে মব সহিংসতায় নিহত ৫৪, রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ১৭ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৭৫)

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২২৭ জনের বেশি। এ ছাড়া সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ত্রৈমাসিক প্রতিবেদনে।

দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সোমবার এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের তথ্য জানানো হয়।

ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক ও মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং হেফাজতে মৃত্যুর মতো ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৯, জামায়াতের ২, আওয়ামী লীগের ৩ এবং অন্যান্য রাজনৈতিক দলের ৩ জন রয়েছেন।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ৬৯টি সংঘর্ষের ঘটনায় ৯ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ৩১টি ঘটনায় একজন নিহত এবং ৩৩৮ জন আহত হয়েছেন।

এ সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৬টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৫৪১ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৭ হাজার ৯১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৫৭৭ জন।

তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ১৩৫ সাংবাদিক

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সাংবাদিক নির্যাতন ও হয়রানির ৮৮টি ঘটনা ঘটেছে। এতে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন সাংবাদিক। তাদের মধ্যে ৬৩ জন আহত, ২৭ জন লাঞ্ছিত এবং ১৮ জন হুমকির শিকার হয়েছেন। এ ছাড়া ৯ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

সাইবার সুরক্ষা আইনে দায়ের করা চারটি মামলায় ১৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

নারী ও শিশু নির্যাতনের চিত্র উদ্বেগজনক

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, তিন মাসে ৭৮৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৫৩ জন ধর্ষণের শিকার, যাদের ১৫৪ জনের বয়স ১৮ বছরের নিচে। ধর্ষণের পর ১২ জনকে হত্যা করা হয়েছে।

এ সময়ে ৭৩৩টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন প্রাণ হারিয়েছে। পাশাপাশি পারিবারিক সহিংসতার ঘটনায় ১৩৭ জন নারী নিহত হয়েছেন।

শ্রমিকের মৃত্যু ৭১, কারাগারে ৩৭ জন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিন মাসে শ্রমিক নির্যাতনের ২৫১টি ঘটনায় ৭১ জন নিহত এবং ২৬০ জন আহত হয়েছেন। একই সময়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া এ সময়ে কারাগারে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন পাঁচজন এবং নির্যাতনের শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]