প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১১ এএম (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব দোকান, মার্কেট, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ দাবিতে সোমবার (৫ অক্টোবর) থেকে ২০ অক্টোবর পর্যন্ত দোকানপাট বন্ধের সময় রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করার অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
ব্যবসায়ীদের মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবকে কেন্দ্র করে সাধারণত বাজারে কেনাকাটা ও পণ্য বিক্রি বেড়ে যায়। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, ঈদ ও পূজার সময় বেচাকেনা কিছুটা বাড়লেও রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় ব্যবসায়ীরা পর্যাপ্ত সময় পাচ্ছেন না। তাই দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
ব্যবসায়ীরা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসবের সময় দোকান খোলার সময়সীমা সাময়িকভাবে দুই ঘণ্টা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা।
এর আগে গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে। ওই নির্দেশনা অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
একই নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার কথা বলা হয়। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
ব্যবসায়ীদের মতে, উৎসবের মৌসুমে সাধারণত কেনাকাটা বাড়ে। এ সময়ে সাময়িকভাবে দোকান খোলার সময় বাড়ানো হলে ক্রেতারা বাড়তি সময় কেনাকাটার সুযোগ পাবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও অতিরিক্ত বেচাকেনার মাধ্যমে সাম্প্রতিক আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন।