প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এরই মধ্যে ৩৮৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৭টা থেকে ৮টার লাইভ র্যাংকিংয়ে এ তথ্য উঠে আসে।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, তালিকার শীর্ষে থাকা দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) স্কোর ৩৮৯। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৮২। ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পাকিস্তানের লাহোর।
তালিকায় ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। বাহরাইনের মানামা ১৫২ স্কোর নিয়ে সপ্তম, মালয়েশিয়ার কুচিং ১৪৯ স্কোর নিয়ে অষ্টম এবং একই স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। ১৪২ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে কাতারের দোহা।
ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। ২.৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট এসব কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এতে হাঁপানি, ব্রঙ্কাইটিস ও হৃদ্রোগসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৫০-এর নিচে থাকলে বাতাসকে ভালো বা বিশুদ্ধ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাস খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বিশ্বে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।