সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঢাকায় ডিএমপির অভিযানে ৪১৪ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক ও ৩২৪ মোবাইল   জাতি গঠনে অবদানের স্বীকৃতি, সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক   ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়   সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ   রিয়াদে বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোটের কমিটি   বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী   
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ এএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নাগরিকদের শুধু একটি ঘর দিলেই হবে না, সেই আবাসনকে নিরাপদ ও টেকসই করাও জরুরি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বসতি দিবসের ধারণা শুধু একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। টেকসই আবাসনের সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, গণপরিবহণ, ভালো সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো বিষয় সরাসরি জড়িত। সর্বোপরি মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন নিরাপদ ও সুস্থ পরিবেশ।

তিনি বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা সহজ নয়। রাজধানী ঢাকা ইতোমধ্যে অতিরিক্ত জনসংখ্যার চাপের মুখে রয়েছে এবং দেশের অন্যান্য বড় শহরেও জনবসতি দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, শহরাঞ্চলে সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও মৌলিক নাগরিক সেবাসম্পন্ন আবাসন মানুষের অন্যতম মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করাও সরকারের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

পরিকল্পিত নগরায়ণের জন্য দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১১ নম্বর লক্ষ্য অর্জন সহজ হবে।

শহরাঞ্চলে জনসংখ্যার চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলোর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে শহরমুখী মানুষের চাপ কমানো সম্ভব।

তিনি বলেন, কেন্দ্রীভূত নগরায়ণের পরিবর্তে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সারাদেশের জন্য স্থানিক পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষার বিষয়টিও আবাসন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হচ্ছে।

আবাসন সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আবাসন খাতের বেসরকারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্টদের সমন্বিত অংশগ্রহণ এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার জন্য আবাসন নিশ্চিত করতে ব্লকভিত্তিক আবাসন উৎসাহিত করার পাশাপাশি এলাকাভিত্তিক পার্ক ও খেলার মাঠ নির্মাণ এবং নির্ধারিত এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে নেওয়া সব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’ আর শুধু একটি লক্ষ্য থাকবে না, বরং তা দেশের নাগরিকদের জন্য বাস্তবতায় পরিণত হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]