প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষা ও সমাজ গঠনে শিক্ষকদের অবদান স্মরণ এবং শিক্ষকতা পেশার মর্যাদা সুদৃঢ় করাই দিবসটির অন্যতম লক্ষ্য।
এবার প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। এছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় আরও ৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে।
গুণী শিক্ষক নির্বাচনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পৃথক সার্চ কমিটি গঠন করে। এসব কমিটির সুপারিশ যাচাই-বাছাই শেষে জাতীয় স্টিয়ারিং কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করে।
কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি রাজধানীসহ দেশের জেলা-উপজেলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।