প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি
আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন এ দূতাবাস চালুর মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে দূতাবাসটির প্রশাসনিক কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়েছে।
মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন।
দূতাবাসটি চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং তাঁদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানের ক্ষেত্রেও দূতাবাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।