প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে কিউআর কোডভিত্তিক লেনদেনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকার বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে।
তিনি বলেন, এ ব্যবস্থায় সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন।
অর্থমন্ত্রী বলেন, এর ফলে মানুষকে আর নগদ টাকা বহনের ঝামেলা পোহাতে হবে না। একই সঙ্গে লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে দ্রুত সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে দেশে ডিজিটাল লেনদেনকে সর্বজনীন করার লক্ষ্যে কাজ করছে।
‘এক দেশ, এক কিউআর—বাংলা কিউআর’ ব্যবস্থা বাধ্যতামূলক করার পর থেকে এ পদ্ধতিতে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন প্রায় ১১০ কোটি টাকা লেনদেন হচ্ছে।
গত ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর কোড’ নামে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে। বর্তমানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে পুরোনো কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।