প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ৭০)

হাসপাতালের বিছানায় হাতে ক্যানুলা, মুখে ক্লান্তি-সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঊর্ফী জাভেদের এমন ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ।
ফ্যাশন আর ছকভাঙা পোশাকের কারণে সবসময় আলোচনায় থাকা এই তারকাকে হঠাৎ এ অবস্থায় দেখে চিন্তিত তার ভক্ত-অনুরাগীরা।
ছবি ও ভিডিও শেয়ার করে অভ্যস্ত ঊর্ফী নিজের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকেও সামলেছেন নিজস্ব ভঙ্গিতে হাসপাতালেই ধারণ করা একটি ভিডিওতে নেপথ্যে বাজছিল বিখ্যাত গান ‘ইতনি শক্তি হামে দে না দাতা’।
ভিডিওটির সঙ্গে অপারেশন থিয়েটারে অজ্ঞান হয়ে যাওয়ার আগের অভিজ্ঞতার কথাও ভক্তদের জানান তিনি। সেই সঙ্গে স্বভাবসুলভ রসিকতা করে ক্যাপশনে লেখেন, বছরে অন্তত একবার হাসপাতালে ভর্তি হওয়া যেন তার জন্য বাধ্যবাধকতা!
তবে হাসপাতালবাসের এই ছবি ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও ঊর্ফীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নিজের পোস্ট কিংবা অফিশিয়াল টিমের পক্ষ থেকে অসুস্থতার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে প্রিয় তারকা ঠিক কী সমস্যায় ভুগছেন, সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, শরীরচর্চা ও শারীরিক অসুস্থতা নিয়ে ঊর্ফীর এমন খবর এবারই প্রথম নয়। ২০২৪ সালের শুরুতে অক্সিজেনের মাস্ক পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘২০২৪ শুরু করলাম ধামাকা দিয়ে’- যদিও পরে পোস্টটি তিনি সরিয়ে নেন। পরবর্তীতে একই বছর জুনে তার মুখ অতিরিক্ত ফুলে গেলে ভক্তরা ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়া ভেবে বসেন।
তবে সে সময় ঊর্ফী স্পষ্ট করেন, দীর্ঘদিনের অ্যালার্জি, মানসিক চাপ এবং শরীরে কর্টিসলের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলেই সেই প্রতিক্রিয়া হয়েছিল।
একই সঙ্গে তিনি এ-ও প্রকাশ করেন যে, বিড়ালের প্রতি তার কড়া অ্যালার্জি থাকা সত্ত্বেও বাড়িতে তিনি তিনটি পোষ্য বিড়াল লালন-পালন করছেন।
সব মিলিয়ে নতুন করে তার এই হাসপাতালে ভর্তির পোস্ট আবারও উদ্বেগের জন্ম দিয়েছে। ভক্ত ও শুভানুধ্যায়ীরা এখন অপেক্ষা করছেন প্রিয় তারকার সুস্থতার বার্তা এবং পরবর্তী আপডেটের জন্য।