রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
শিল্প ধ্বংসের ষড়যন্ত্র রুখে অর্থনীতি-গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে
অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৩০)

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে লাখো শ্রমিকের জীবন-জীবিকা, অসংখ্য পরিবারের স্বপ্ন এবং দেশের রপ্তানি আয়ের বড় অংশ। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল শুধু কর্মসংস্থানের কেন্দ্র নয়, জাতীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব শিল্পাঞ্চলের উৎপাদন সচল থাকলে দেশের অর্থনীতি গতিশীল থাকে, শ্রমিকের পরিবারে স্বচ্ছলতা আসে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হয়। তাই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন অব্যাহত রাখা-এই তিনটি বিষয়কে আলাদা করে দেখার সুযোগ নেই। শ্রমিকের স্বার্থ রক্ষা করেই শিল্পকে বাঁচাতে হবে, আর শিল্পকে সচল রেখেই জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।

বর্তমান গণতান্ত্রিক সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি, চিকিৎসাসেবা ও কর্মপরিবেশের উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন, নতুন মজুরি কাঠামো কার্যকরের উদ্যোগ এবং দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের শ্রমিকবান্ধব দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।

কারণ শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও সহজলভ্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, পেশাগত স্বাস্থ্যঝুঁকি, মাতৃস্বাস্থ্য, জরুরি চিকিৎসা এবং সাধারণ রোগের চিকিৎসা-সব ক্ষেত্রেই তাদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রয়োজন। হাসপাতাল নির্মাণ বাস্তবায়িত হলে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপকৃত হওয়ার সুযোগ পাবেন। তবে এ উদ্যোগের সুফল শ্রমিকের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত বাস্তবায়ন, পর্যাপ্ত চিকিৎসক-নার্স নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, জরুরি বিভাগ এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইভাবে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের প্রয়োজন, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার বিষয় বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত মজুরি কাঠামো কার্যকর করা জরুরি। কারণ ন্যায্য মজুরি শ্রমিকের প্রতি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার। শ্রমিকের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়েই শিল্পের উৎপাদন, মালিকের ব্যবসা এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই শ্রমিকের জীবনমান উন্নয়নকে শিল্পের অগ্রগতির অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করতে হবে।

তবে সরকারের এসব ইতিবাচক উদ্যোগের মধ্যেও শিল্পাঞ্চলে অস্থিরতা, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। শ্রমিকদের ন্যায্য দাবি ও অসন্তোষকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী ও তাদের সহযোগী কিছু গোষ্ঠী, বিশেষ করে হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের আড়ালে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকারের ইতিবাচক উদ্যোগকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগ রয়েছে। সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে একটি বিষয় স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন-প্রকৃত শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এবং পরিকল্পিত সহিংসতা বা নাশকতা এক বিষয় নয়। শ্রমিকের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান জানাতে হবে, তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনতে হবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। শ্রমিকদের ক্ষোভ বা অসন্তোষের পেছনে যদি মজুরি, কর্মপরিবেশ, বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা কিংবা মালিকপক্ষের অনিয়মের মতো বাস্তব কারণ থাকে, তাহলে সেগুলো অস্বীকার না করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। কিন্তু শ্রমিকের আন্দোলনের নামে কারখানায় আগুন দেওয়া, ভাঙচুর, যানবাহনে হামলা কিংবা উৎপাদন বন্ধ করে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যারা শ্রমিকের নাম ব্যবহার করে শিল্প ধ্বংসের চেষ্টা করে, তারা শেষ পর্যন্ত শ্রমিকের কর্মসংস্থান, জীবিকা ও ভবিষ্যৎকেই বিপন্ন করে।

একটি কারখানা বন্ধ হলে শুধু মালিকের আর্থিক ক্ষতি হয় না; কর্মরত হাজারো শ্রমিকের আয় বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়, ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার, ব্যাহত হয় উৎপাদন ও রপ্তানি কার্যক্রম, কমে যায় বিদেশি ক্রেতাদের আস্থা। এই শিল্পে  সরাসরি কর্মরত শ্রমিক-কর্মচারী এবং পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হিসাব করলে, দেশের প্রায় ৪ থেকে ৫ কোটি মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে  নির্ভরশীল।

এতে দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এ খাত থেকে আসার বিষয়টি বিবেচনায় নিলে শিল্পাঞ্চলের অস্থিরতার ভয়াবহতা সহজেই অনুধাবন করা যায়। এ শিল্পে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার প্রভাব শুধু গাজীপুর বা আশুলিয়ায় সীমাবদ্ধ থাকবে না; জাতীয় অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন, বিনিয়োগ, কর্মসংস্থান ও দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।

বিদেশি ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, মান বজায় রাখা এবং নিরাপদ উৎপাদন পরিবেশ প্রত্যাশা করেন। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে উৎপাদন ব্যাহত হলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে এবং বিদ্যমান শ্রমিকদের চাকরিও অনিশ্চিত হয়ে পড়তে পারে। অতএব, শিল্প ধ্বংসের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া এখন শুধু সরকারের দায়িত্ব নয়, এটি জাতীয় স্বার্থের দাবি।

এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব দ্বিমুখী। একদিকে শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে, অন্যদিকে অগ্নিসংযোগ, ভাঙচুর, সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের  শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো নিরপরাধ শ্রমিক হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে রক্ষা না পান। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কারখানা, শিল্পপ্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও জোরদার করতে হবে। মালিকপক্ষকেও শ্রমিকদের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিয়মিত বেতন-ভাতা এবং শ্রম আইন অনুসরণে মালিকদের দায়িত্বশীল হতে হবে। শ্রমিক, মালিক, সরকার ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।

বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে শিল্পসমৃদ্ধ ও উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তরের যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, তৈরি পোশাকশিল্পের বিকাশে তার সরকারের নীতিগত পৃষ্ঠপোষকতা ও দূরদর্শী উদ্যোগ ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি উপলব্ধি করেছিলেন, শুধু কৃষির ওপর নির্ভর করে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়; শিল্পায়ন, বেসরকারি উদ্যোক্তা সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। সেই লক্ষ্য থেকেই তার শাসনামলে বেসরকারি উদ্যোগ ও রপ্তানিমুখী শিল্পায়নের অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। তৈরি পোশাকশিল্পের প্রাথমিক বিকাশেও তার সরকারের নীতিগত সমর্থন ও পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।   বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক উৎপাদনব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়। এভাবেই একটি সম্ভাবনাময় শিল্প খাতের বিকাশের ভিত্তি তৈরি হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দূরদর্শী অর্থনৈতিক চিন্তা ও শিল্পায়নের উদ্যোগ পরবর্তী সময়ে তার সহধর্মিনী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ পায়। রপ্তানিমুখী শিল্পের বিকাশ, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তৈরি পোশাকশিল্পের জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার ফলে এ খাতের অগ্রযাত্রা আরও গতিশীল হয়। বিশেষ করে রপ্তানিমুখী উৎপাদন, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, বিদেশি ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাকশিল্প বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়।

আজ যে তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি, বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় উৎস এবং লাখো মানুষের কর্মসংস্থানের ভিত্তি, তার বিকাশের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা, দেশপ্রেম ও শিল্পায়নমুখী নীতির অবদান স্মরণীয়। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের সময় এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে উদ্যোক্তা, শ্রমিক, শিল্পমালিক এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সম্মিলিত অবদানও অনস্বীকার্য।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিল্পায়ন, বেসরকারি উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ, খাল খনন ও পুনঃখনন, গ্রামীণ উন্নয়ন এবং উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের যে দর্শন তিনি সামনে এনেছিলেন, তা পরবর্তী সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার উদ্যোগে সার্ক প্রতিষ্ঠার পথও সুগম হয়।

১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। দীর্ঘ সামরিক শাসনের পর সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করে। একই সময়ে অর্থনৈতিক সংস্কার, বেসরকারি খাতের বিকাশ, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্ব দেওয়া হয়। তৈরি পোশাকশিল্পের সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে অধিকতর বাজারমুখী করার উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখে।

বেগম খালেদা জিয়ার সরকারের অন্যতম উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগ ছিল নারীশিক্ষার প্রসার। মেয়েদের মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি, বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি গ্রামীণ পরিবারের মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে। এর দীর্ঘমেয়াদি প্রভাব নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে বিপুলসংখ্যক নারীর কর্মসংস্থান দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ও শিক্ষা, কৃষি, শিল্প, বিদ্যুৎ, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। মেয়েদের শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের ধরে রাখা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়। ওই সময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘর অতিক্রম করে পরবর্তী সময়ে আরও এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি হয়।

অতীতের এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণের ধারাকে আরও শক্তিশালী করতে হবে। অতীতের অর্জন যেমন ভবিষ্যৎ পরিকল্পনার অনুপ্রেরণা হতে পারে, তেমনি অতীতের সীমাবদ্ধতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের প্রত্যাশা পূরণ, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান বাড়ানো এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। নির্বাচিত সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দৃশ্যমান ফলাফল দিতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসাসেবা, আবাসন ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন, বিনিয়োগের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের সন্তানদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নিরাপদ আবাসন ও সামাজিক সুরক্ষার বিষয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। শ্রমিকদের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়বে, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রেও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের সক্ষমতার মধ্যে ন্যায়সংগত ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকের আয় বাড়বে, শিল্পও টিকে থাকবে-এমন বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণই হবে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার পরিচয়।

এ ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, শিল্পমালিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের অংশ; বরং সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সরকারের নীতিকে আরও জনকল্যাণমুখী করা সম্ভব। কিন্তু জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকা-কে কোনোভাবেই সমর্থন করা যায় না। শ্রমিকদের প্রকৃত সমস্যা তুলে ধরা, তাদের অধিকার আদায়ে পাশে দাঁড়ানো এবং একই সঙ্গে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলাই হওয়া উচিত দায়িত্বশীল রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ভূমিকা।

গণমাধ্যমের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের প্রকৃত দাবি, মালিকপক্ষের বক্তব্য, সরকারের উদ্যোগ এবং শিল্পাঞ্চলের বাস্তব পরিস্থিতি নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। গুজব, অপতথ্য ও উসকানিমূলক প্রচারণা যেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতি রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পরিকল্পিত নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকারের শ্রমিকবান্ধব উদ্যোগগুলো সফল করতে হলে সেগুলোর বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে অতীতের উন্নয়ন-অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি উৎপাদনশীল, কর্মসংস্থানমুখী, বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প কেবল একটি রপ্তানিমুখী শিল্প খাত নয়; এটি দেশের অর্থনীতির প্রাণ, লাখো শ্রমিকের জীবন-জীবিকার অবলম্বন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতির অন্যতম প্রধান ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিল্পায়নমুখী চিন্তা ও নীতিগত উদ্যোগে যে শিল্পের বিকাশের ভিত্তি শক্তিশালী হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যার অগ্রযাত্রা আরও সম্প্রসারিত হয়েছে, সেই শিল্পকে আজ যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে শ্রমিক, মালিক, সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে এ শিল্পের নিরাপত্তা ও উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।

মনে রাখতে হবে, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি বাঁচবে। আর শক্তিশালী অর্থনীতিই গণতন্ত্র, জাতীয় উন্নয়ন ও মানুষের জীবনমান সুদৃঢ় করার অন্যতম ভিত্তি। তাই শ্রমিকের ন্যায্য অধিকার, শিল্পের নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতি রক্ষায় সরকার, শ্রমিক, মালিক ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়-দায়িত্বশীলতা; ধ্বংস নয়-উৎপাদন; বিভাজন নয়-জাতীয় ঐক্য-এই হোক সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

লেখক: রাজনীতিবিদ, আইনজীবি ও কলাম লেখক।  









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]