প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ৩৪)

সংগৃহীত ছবি
গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডায়াসে দাঁড়িয়ে ছয় মিনিট নীরবতা পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাছের একটি মসজিদ থেকে জোহরের আজান ভেসে আসায় তিনি বক্তব্য শুরু না করে আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে দেশের আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর উপস্থাপক প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার ঘোষণা দেন।
পরে নিজের আসন থেকে উঠে ডায়াসের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে হাত নাড়ানোর পর বক্তব্য দেওয়ার প্রস্তুতি নেন তিনি। ঠিক তখনই কাছের একটি মসজিদ থেকে জোহরের আজান ভেসে আসে।
আজানের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য শুরু না করে ডায়াসেই নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। ঘড়িতে তখন দুপুর ১২টা ৪৪ মিনিট। ছয় মিনিট পর ১২টা ৫০ মিনিটে আজান শেষ হলে তিনি বক্তব্য শুরু করেন।
সারা দেশ থেকে আসা প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন, অবসরকালীন আনুতোষিক, সাপ্তাহিক হাজিরা ভাতা ও মুঠোফোন ভাতা বাড়ানোর ঘোষণা দেন।
এ ছাড়া নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়াতে প্রতিটি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেন তিনি। নারী সদস্যদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থার কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রতিটি ইউনিয়নের একটি সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণা দেন তারেক রহমান। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল সরবরাহের সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।