প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি
গত তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানির পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে রপ্তানিকৃত মাংসের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গরুর মাংসের রপ্তানি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মাংসের গুণগত মান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআই প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এসএম আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক উপস্থিত ছিলেন।