প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম (ভিজিট : ১৬১)

সংগৃহীত ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন ড. আব্দুল মঈন খান। পরিদর্শনকালে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ড. শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, মঈন খানকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন।
ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। বর্তমানে তার সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা হাসপাতালে তার পাশে রয়েছেন।